ক্যাচ নেওয়ায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের চেয়ে ভালো বাংলাদেশ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:২১ এএম

ফিল্ডিংয়ে বরাবরই দুর্বল দলগুলোর একটি হিসেবে বিবেচনা করা বাংলাদেশকে। তবে এবারের বিশ্বকাপে ক্যাচ নেওয়ায় এই দলটিই নাকি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের চেয়েও ভালো করছে!

গতকাল ভারত-শ্রীলঙ্কার ম্যাচ চলাকালে একটি পরিসংখ্যান দেখানো হয় টিভি স্ক্রিনে। বিশ্বকাপে ১০ দলের ক্যাচ নেওয়ার দক্ষতার একটি তালিকা তুলে ধরা হয়। যেখানে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

বিশ্বকাপে ২৬টি ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে ৮টি ফেলেছে দলটির ফিল্ডাররা। ১৮টি ক্যাচ নিয়ে বাংলাদেশের সাফল্যের হার ৭৬ শতাংশ।

পাকিস্তানের ফিল্ডিং নিয়ে চলতি বিশ্বকাপে সমালোচনা কম হয়নি। কিন্তু তারাই এই তালিকায় সবার ওপরে। ক্যাচ নেওয়ায় তাদের সাফল্যের হার ৮৬ শতাংশ। ৩৭টি ক্যাচের মধ্যে ৩১টি নিতে সক্ষম হয়েছে তারা, ছেড়েছে ৬টি।

ক্যাচ নেওয়ার হার ৮০ শতাংশের ওপরে নেদারল্যান্ডস, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকারও। ডাচরা ৩৩ ক্যাচের মধ্যে নিতে পেরেছে ২৭টি। ছেড়েছে পাকিস্তানের সমান ৬টি ক্যাচ। সাফল্যের হার ৮৫ শতাংশ।  ভারতও ছেড়েছে ৬টি ক্যাচ। ২৫টি ক্যাচের মধ্যে ১৯টি ক্যাচ নেওয়া স্বাগতিকদের সাফল্যের হার ৮১ শতাংশ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকারও ক্যাচ নেওয়ায় সাফল্যের হার ভারতের সমান (৮১ শতাংশ)। ২৬টি ক্যাচের মধ্যে ইংল্যান্ডও ৬টি ক্যাচ ছেড়েছে। সবচেয়ে বেশি ক্যাচের সুযোগ তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা, ৫১টি। এর মধ্যে ছেড়েছে ১২টি।

৭৬ শতাংশ ক্যাচ নিয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ। তাদের পরের অবস্থান অস্ট্রেলিয়ার। ২৯টি ক্যাচের মধ্যে ১২টি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া। ১৭টি ক্যাচ নিয়ে সাফল্যের হার ৭১ শতাংশ। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্যাচ নেওয়ার হারও ৭১ শতাংশ। ২০টি ক্যাচের মধ্যে আফগানিস্তান ছেড়েছে বাংলাদেশের সমান ৮টি ক্যাচ। দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি ক্যাচের সুযোগ পাওয়া দল নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছেও কিউইরা, ১৬টি। ২২টি ক্যাচের মধ্যে ১৪টি ফেলে ৬১ শতাংশ সাফল্য নিয়ে এই তালিকায় সবার নিচে শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত