কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না : কর্নেল অলি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করার পথ সুগম করুন। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে সর্বাত্মকভাবে অবরোধ কর্মসূচি পালন করুন।

আজ শুক্রবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সাথে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন।

তিনি বলেন, ৫ বছর কষ্ট করার চেয়ে ১০-১২ দিন কষ্ট করাই শ্রেয়। ধুঁকে ধুঁকে মরে লাভ নাই। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীন দেশের মানুষের মতো বেঁচে থাকার অধিকার আদায় করে নিতে হবে। সাধারণ জনগণের প্রতি আহ্বান গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচিগুলো সফল করার জন্য সাহায্য করুন।

এলডিপির সহ সভাপতি মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক কারিমা খাতুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত