পাকিস্তানের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯ সন্ত্রাসী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনটি বিমান ক্ষতিগ্রস্ত এবং হামলাকারী ৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানি বার্তাসংস্থা জিও টিভি ও দ্যা ডন তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর মিডিয়া শাখার বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৪ নভেম্বর) সকালে পাকিস্তান এয়ার ফোর্সের (পিএএফ) মিয়ানওয়ালি ট্রেনিং বিমান ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সেনাবাহিনীর বাধায় হামলা ব্যর্থ হয় এবং ৯ সন্ত্রাসী নিহত হয়।

এক বিবৃতিতে সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানায়, ‘দিনের প্রথম দিকে, পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি ট্রেনিং ঘাঁটিতে একটি ব্যর্থ সন্ত্রাসী হামলা হয়েছে। তবে সৈন্যদের দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার ফলে নয়জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং বাকি সন্ত্রাসী পালিয়ে গেছে।‘

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হামলার সময় তিনটি গ্রাউন্ডেড বিমান এবং একটি জ্বালানী বাউজারের কিছু ক্ষতি হয়েছে।‘

এলাকাটিতে বর্তমানে সেনাবাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত হওয়ার একদিনের মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিতে এ হামলা চালানো হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত