‘যে কারখানা রুটি-রুজি দেয়, সেই কারখানা ভাঙচুর করলে আল্লাহও নারাজ হবে’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ এর আমলে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছিল। এরপর ২০০৯ সালের ক্ষমতায় আসার পরেও বেতন বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যে কারখানা আপনাদের রুটি-রুজি দেয়, শ্রম দিয়ে পয়সা কামাই করেন, সেই কারখানা ভাঙচুর করলে আল্লাহও নারাজ হবে। আপনাদের যা প্রয়োজন হয়, অসুবিধা আমরা দেখি।

এসময় কারখানায় শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় ছিল তখনতো কিছু করেনি। যা করেছে আওয়ামী লীগ সরকারই। আওয়ামী লীগ জানে মানুষের কষ্ট দূর করতে। 

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, অন্যের কথায় নেচে কারখানায় হামলা করে, কারখানা ভেঙে, সেখানে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে দেশের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হবে। আর কারখানা বন্ধ করলে ওই গ্রামেই ফিরে যেতে হবে। বিনা কাজে জীবনযাপন করতে হবে। 

তিনি বলেন, মজুরি কমিশন বসেছে। ধৈর্য্য ধরতে হবে। কারা উসকানি দিচ্ছে সেটা আমরা জানি। যারা ভাঙচুরে জড়িত, বিএনপির নেতা কর্মীদের বলবো হুকুমদাতা দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে হুকুমজারি করে, ওই বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে। কেউ ছাড়া পাবে না। 

দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত যেন দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে না পারে, অত্যাচার করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে। 

তিনি বলেন, আগামী নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা আমরা ঠিক করে দেব। যাকে মনোনয়ন দেব ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। যেন আবার আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখনও অনেক উন্নয়নের কাজ বাকি সেগুলো যেন সম্পন্ন করতে পারি। কারণ ওই সন্ত্রাসী, জঙ্গিবাদীরা আসলে এ দেশকে টিকতে দেবে না। সেই জন্য জনগণের স্বার্থে, কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নৌকা মার্কায় পারে স্বাধীনতা, উন্নয়ন দিতে।

ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই আজকে এত উন্নতি হচ্ছে। সেই কথাটা যেন তারা মনে রাখে। সেটা মনে রেখেই, আগামী নির্বাচনের তফসিল যেকোনো সময় ঘোষণা হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে, যাকেই প্রার্থী করি সেটা কানা, খোড়া যেই হোক তাদের নৌকায় মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। করবেন কীনা হাত তুলে ওয়াদা করেন। এ সময় উপস্থিত জনতা হাত নেড়ে সমর্থন জানান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এবার নৌকা জিতবে। আবারও বললো এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই চাই। এসময় প্রধানমন্ত্রী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবার জিতবে নৌকা স্লোগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত