দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের ওপর নির্বিচার বিমান হামলা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার এ ঘোষণা দেন তিনি। তুর্কি গণমাধ্যমের বরাতে আলজাজিরা এ কথা জানায়। এরদোয়ান বলেন, ‘নেতানিয়াহু এখন আর কথা বলার উপযোগী কেউ নন, তার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি না।’ তবে তুর্কি প্রেসিডেন্ট গাজায় সংঘাত অবসানে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছেন। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘এর মানে এই না যে তুরস্ক ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, আমাদের গোয়েন্দাপ্রধান ইসরায়েল, ফিলিস্তিন এবং হামাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।’ গত সপ্তাহে ইসরায়েল জানায়, হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েল বিরোধী বক্তব্য দেওয়ায় তারা তুরস্কের সঙ্গে থাকা কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাববে। এর এক সপ্তাহ পর এরদোয়ান বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর তুরস্ক থেকে নিজেদের দূত প্রত্যাহার করে নেয় ইসরায়েল।
×
