ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই দেশ দুটির ক্লাবগুলোর মধ্যেও চলে দ্বৈরথ। যার প্রমাণ মেলে কোপা লিবের্তাদোরেস টুর্নামেন্টে। এবারের আসরের ফাইনালটিও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে ইতিহাস গড়েছে ব্রাজিলের দল ফ্লুমিনেন্স। প্রথমবারের মতো লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলেছে তারা।
ব্রাজিলের মারাকানায় রবিবার সকালে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি ২-১ গোলে জিতেছে ফ্লুমিনেন্স। জার্মান কানো ফ্লুমিনেন্সকে এগিয়ে নেওয়ার পর বোকা জুনিয়র্সের হয়ে সমতা টানা গোলটি করেন লুইস আদভিনকুলা। অতিরিক্ত সময়ে জন কেনেডি জয়সূচক গোল করে ফ্লুমিনেন্সকে ভাসান উল্লাসে।
৯৯তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের সামনে থেকে জোরালো শটে বল জালে পাঠান কেনেডি। উল্লাসে মাঠ ছেড়ে গ্যালারির দিকে দৌড়ান তিনি। কিন্তু ততক্ষণে যে রেফারি অফসাইডের বাঁশি বাজিয়েছেন, খেয়াল করেননি ফ্লুমিনেন্সের কেউ। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। মাত্রারিক্ত উদযাপন করে লাল কার্ড দেখেন ৮০তম মিনিটে বদলি হিসেবে নামা কেনেডি।
ফ্লুমিনেন্সের কোচ ফের্নান্দো দিয়াস এখন ব্রাজিল জাতীয় দলেরও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। কাতার বিশ্বকাপের পর তিতে দায়িত্ব ছেড়ে দিলে তাকে দেওয়া হয় এই পদ। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন বলে গুঞ্জন রয়েছে।
ফ্লুমিনেন্সের হয়ে এদিন শুরুর একাদশে ছিলেন ব্রাজিলের মার্সেলো। পরে অবশ্য তাকে তুলে নেন কোচ। কেনেডি গোল করার পর ডাগআউটে বসে থাকা মার্সেলোর চোখে ছিল আনন্দের অশ্রু।
ম্যাচের শুরু থেকে জমে ওঠে লড়াই। চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। এর মাঝেই ৩৬ মিনিটে ফ্লুমিনেন্সকে এগিয়ে নেন কানো। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি বোকা জুনিয়র্স।
দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াইয়ে ছিল গতি। যেন কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দিবেই বা কেন, ফাইনাল বলে কথা। ৭২তম মিনিটে আদভিনকুলা বোকা জুনিয়র্সকে এনে দেন স্বস্তির গোল। সমতা টানে আর্জেন্টাইন দলটি। এরপর তো অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ আর সেখানে কেনেডির গোলে জয়োল্লাস করে ফ্লুমিনেন্স।
