টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক সিকান্দার রাজা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বড় ধরনের ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে বেশ কিছু পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্ব দেওয়া হয়েছে দলটির তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকে। নির্বাচক কমিটিতেও এসেছে বদল।

বোর্ডের সাধারণ সভায় শনিবার নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত। এত দিন তিন সংস্করণেই জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন ক্রেইগ আরভিন। টেস্ট, ওয়ানডেতে এখনও তার কাছেই থাকছে দায়িত্ব।

আরভিনের অধিনায়কত্বে ৫৪ টি-টোয়েন্টি ম্যাচের ২০টি জিতেছে জিম্বাবুয়ে। এই সংস্করণে তিনিই দেশটির সফলতম অধিনায়ক। তবু নামিবিয়ার কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হারই কাল হয়ে দাঁড়িয়েছে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য।

এর আগে ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে চারটি বিশ ওভারের ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন রাজা। জয়-পরাজয় সমান দুটি করে। এবার দলকে বিশ্বকাপে তোলার বড় দায়িত্ব নিতে হবে তাকে।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আগামী বছরের বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব শুরু হবে চলতি মাসের ২২ তারিখে। স্বাগতিক নামিবিয়া ছাড়াও নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, তানজানিয়া ও উগান্ডার বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।

এই অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাবে দুটি দেশ। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে বাকি ১৮ দেশের নাম।

অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি জিম্বাবুয়ের নির্বাচক কমিটিও বদলে দেওয়া হয়েছে। সাবেক ফাস্ট বোলার ডেভিড মুতেন্দেরাকেই আহ্বায়ক হিসেবে রেখে সদস্য হিসেবে নেওয়া হয়েছে প্রধান কোচ ডেভ হটন ও সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত