বিমানবন্দরে মেয়েকে জিম্মি, ভোগান্তিতে সাড়ে ৩৪ হাজার যাত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:০০ পিএম

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের বিমানবন্দরে চার বছর বয়সী এক শিশুকে জিম্মি করার ঘটনায় সেখানে বিমান চলাচল স্থগিত রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে টার্কিশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বিমানের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে৷ বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার প্লেন চলাচল বন্ধ থাকায় প্রায় সাড়ে ৩৪ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছে। এদিন ২৮৬টি ফ্লাইট নির্ধারিত ছিল।

এর আগে শনিবার রাতে অস্ত্রধারী এক ব্যক্তি নিজের গাড়িতে মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন। ধারণা করা হচ্ছে, নিজের চার বছর বয়সী মেয়েকেই জিম্মি করেছেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটির সদস্যদের মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ জানায়, ‘অভিযান চলছে। গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে আমাদের আলোচক দল যোগাযোগ করছে।’

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হামবুর্গ বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ থাকবে। ইতোমধ্যে  বিমানবন্দরের দিকে চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে— এ নিয়ে বিবাদে লিপ্ত ছিলেন অভিযুক্ত। তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য শিশু অপহরণের বিষয়ে অবহিত করেছেন এবং এর কিছুক্ষণ পরই অভিযুক্ত বিমানবন্দরে প্রবেশ করেন।

পুলিশ জানায়, বিমানবন্দরে প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন। এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানের পাশে গিয়ে অবস্থান নেন। ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত