বিএনপি নেতা ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহাজান ওমর আদালতে বলেছেন, ‘আমার বয়স ৭৩ বছর। এ বয়সে আমার ছেলের বয়সীরা আমাকে রিমান্ডে নিতে চায়।’
রবিবার (৫ নভেম্বর) রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাস পোড়ানোর মামলায় সাবেক আইন প্রতিমন্ত্রী মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম শাহজাহান ওমরকে আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শাহজাহান ওমর আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘ইংরেজিতে একটা শব্দ আছে। জাজেজ আর ওয়াইজ। কী মামলা, কোথায় কী কী অ্যাডভোকেসি, কী গ্রাউন্ড- এগুলো আদালতের জানা।’
তিনি বলেন, আমি আগাম জামিন করানোর জন্য অ্যাফিডেভিট করে পরশুদিন জমা দিয়েছি, আজকে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু দাঁড়াতে পারেনি, আমাকে আদালতে নিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো জামিনদার লাগবে না। আমি নিজেই জামিনদার হতে চাই। আপনি যখন বলবেন আমি উপস্থিত হবো। যে শর্ত দেবেন মেনে চলবো। আমি তো ক্রিমিনাল না। এমন কোনো রেকর্ড নাই। পলাতক হবো না। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আইনের প্রতি শ্রদ্ধা রেখে জামিন চাচ্ছি। জামিনযোগ্য ধারা, জামিন দেওয়ার এখতিয়ার আপনার আছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমার ৭৩ বছর বয়স। এ বয়সে রিমান্ডে নিতে চায়। কেমন একটা বাজে শব্দ (রিমান্ড)। আমার ছেলের বয়সী বা এর চেয়ে ছোট সে আমাকে রিমান্ডে নিতে চায়। রিমান্ডের ওখানে যাও, সেখানে পড়ে থাকো। আমাদের ওই বয়স আছে। মেন্টাল টর্চার। ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। সবাই জানে ফেক কেস। মাননীয় আদালত, আপনি বিজ্ঞ ব্যক্তি। সুবিবেচনায় জামিন মঞ্জুর করবেন। জান-মাল নষ্ট করার জন্য জন্মগ্রহণ করেছি? জনসাধারণের কল্যাণের জন্য কাজ করেছি।’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ডের মন্জুর করেন।
