বিএনপি নেতাদের বাসায় না পেয়ে পরিবারের অন্য সদস্যদের পুলিশ অন্যায়ভাবে আটক করছে—এমন অভিযোগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ ন। বিজ্ঞপ্তিতে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।
রিজভী বলেন, 'বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন একাত্তরের দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতাকর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।'
বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, 'জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।'
