আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী 'চৈতালী' বাসে আগুন দেওয়ার একদিন পরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (০৬ নভেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নম্বর গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাসে আগুন দেওয়ার খবর জেনেছি। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কেউ ছিলেন না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

এর আগে, গতকাল রবিবার বিকাল ৪টায় রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী 'চৈতালী' নামের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত