পটুয়াখালীর কুয়াকাটায় স্থানীয় ও আগত পর্যটকদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে ২৪ ঘণ্টা ননস্টপ ফার্মেসি সুবিধা চালু করেছে প্রশাসন। সোমবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাহাঙ্গীর হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় কুয়াকাটায় প্রথম বারের মতো ২৪ ঘণ্টা ননস্টপ ফার্মেসি সুবিধা চালু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দেশের জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তর এর অনলাইন সংস্করণে ‘রাতে কুয়াকাটায় ওষুধের দোকান বন্ধ থাকায় ভোগান্তিতে পর্যটকসহ স্থানীয়রা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হয়।
কুয়াকাটা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক এম এ জাহিদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে কুয়াকাটা পৌর শহরে অবস্থিত ১১টি ঔষধের দোকান বাই রোটেশনে ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। বিষয়টি নিয়ে দেশ রূপান্তর সংবাদ প্রকাশ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি ২৪ ঘণ্টা সেবা প্রদানের বিষয়টি প্রকাশের অনুরোধ জানান।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম ওয়াহিদ বলেন, কুয়াকাটাবাসী ও পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিল ২৪ ঘণ্টা ঔষধের দোকান খোলা রাখা। আজ সেটি বাস্তবায়ন হয়েছে। উপজেলা প্রশাসন ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কল্যাণে সেটি সম্ভব হয়েছে। পর্যটন নগরবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও দেশ রূপান্তরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ৪ নভেম্বর দেশ রূপান্তরের প্রকাশিত সংবাদটি আমার নজরে এসেছে। আমরা সকল ফার্মেসী মালিকদের সঙ্গে কথা বলে প্রতিদিন বাই রোটেশনে রাতে একটি দোকান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে মোতাবেক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
