বিএনপির সাজাপ্রাপ্ত সাবেক ২ এমপিসহ ৫ জন কারাগারে

আরও ৯ জনের সাজা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০১:৫৭ এএম

আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় করা নাশকতার মামলায় দন্ডিত বিএনপির সাবেক দুই এমপিসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া এক দশক আগের আরেকটি নাশকতার মামলায় যুবদলের এক নেতাসহ ৯ জনকে সাজা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার দুটি আদালত আলাদাভাবে এ আদেশ দিয়েছে।

গতকাল মঙ্গলবার বিএনপির সাবেক এমপি মো. শাহজাহান ও মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ৫ জন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। তারা আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৯ অক্টোবর একই আদালত এ মামলায় ১৫ জনকে চার বছর করে কারাদন্ডাদেশ দেয়। তাদের পৃথক দুটি ধারায় দুই বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। দুই ধারার সাজা একত্রে চলবে বলে আদালত আদেশে উল্লেখ করে।

কারাগারে পাঠানো পাঁচজনের মধ্যে মো. শাহজাহান নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান। মোহাম্মদ আহসান হাবিব লিংকন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য। অন্য তিনজন হলেন বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম ও মনিরুল হক মনির।

এদিকে ১০ বছরের বেশি সময় আগে নাশকতার অভিযোগে রাজধানীর বংশাল থানার যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার ভাইসহ নয়জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত দ্রুতবিচার আইনের মামলায় এ সাজার আদেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত