হামাসের সঙ্গে সম্পর্কে অটল মালয়েশিয়া

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে ও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না। মালয়েশিয়ার জাতীয় সংসদে তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেওয়া উচিত। মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এ কথা বললেন। হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয়। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে। মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কীÑ গত মঙ্গলবার সংসদে তা জানতে চান বিরোধী দলের এক এমপি। বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রের এই হুমকিসহ কোনো হুমকিই আমি মেনে নেবে না। এই পদক্ষেপ একতরফা ও এর কোনো বৈধতা নেই। তিনি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু নিরাপত্তা পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাবকে স্বীকার করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত