সরকারের পদত্যাগের এক দফা দাবীতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সিরাজগঞ্জ মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় আরও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল অভার ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এ দিন সকালে কামারখন্দের ঝাঐল এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সামিউল আলম জানান, আগুন দেওয়া ট্রাকটির সামনের কেবিন সামান্য ক্ষতি এবং গ্লাস ভেঙে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। তিনি আরও জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
