ইয়াবা উদ্ধারের মামলায় যুবকের পাঁচ বছরের কারাদণ্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় মো. সবুজ (৩২) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডিত আসামি ভুজপুর থানার দাঁতমারা নতুন পাড়ার মানিক মিয়ার  ছেলে। রায়ের সময় আসামি সবুজ আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২১ জুন নগরের সিমেন্ট ক্রসিং এলাকা থেকে ৯৫০ পিস ইয়াবাসহ সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ইপিজেড থানায় করা মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাতজনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সবুজকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত