ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচন নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
আজ বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবী করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, বিগত ৫ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উক্ত নির্বাচনের ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সে জন্য নির্বাচন কমিশন উক্ত আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আমি জানতে পেরেছি।
তিনি বলেন, আমি মনে করি, এ ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া বাঞ্ছনীয়। আমি আশা করি নির্বাচন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এর আগে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনের কারচুপির অভিযোগ পেয়ে ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
