ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে গণপ্রতিবাদ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম

ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে ও ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদী জনগণের ব্যানারে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই  সমাবেশ অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা জানান, প্রতিদিন ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। এরমধ্যে অধিকাংশই শিশু ও নারী। এই গণহত্যায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে মদদ যোগাচ্ছে। জাতিসংঘ যুদ্ধ বিরতির উদ্যোগ নিলেও তাতে ভেটো দেয়া হচ্ছে। ঘোষণা দিয়ে এমন  নির্মম গণহত্যা বিশ্বি ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভূক্ত দেশগুলোর নগ্ন চেহারা আমাদের সামনে উদাম হয়ে পড়েছে। 

এর বিরুদ্ধে আজ সারা বিশ্বে ধর্ম ও জাতি পরিচয় নির্বিশেষ মানুষ প্রতিবাদ করছে। তাদের মধ্যে মুসলমান শুধু নয় রয়েছেন ইহুদী, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ। খোদ যুক্তরাষ্ট্রে ইহুদী সম্প্রদায়ের মানুষ মুক্ত ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। মানুষের সঙ্গে মানুষের এই সৌহার্দ্য আমাদের ধরে রাখতে হবে এবং জায়নবাদকে পরাজিত করতে হবে। নারীবাদীদের একটি বড় অংশ ফিলিস্তিনের ওপর সংগঠিত এই গণহত্যার প্রতিবাদ জানাতে বিশ্বের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন।

আয়োজিত সমাবেশে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কবিতা পাঠ ও গান পরিবেশনার পাশাপাশি অন্য কোনোভাবে যারা মতামত তুলে ধরতে চান, সকলকে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত