রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীর মারামারি, সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্নাকে অব্যাহতি  

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিবকে চড়-থাপ্পড় মারার জেরে সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাভোকেট তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ওই মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৭ জুলাইয়ের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

জানা গেছে, এর আগে গত ৯ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের রুমের সামনে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব ও নারী আইনজীবী তামান্না ফেরদৌসের মধ্যে এ মারামারি হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে ওই ঘটনায় ব্যবস্থা নিতে আইনজীবী মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত আবেদনে রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর উল্লেখ করেন, ওই দিন দুপুর ২ ঘটিকার সময় বারের সম্পাদকের রুমের সামনে অবস্থানকালে আগের শত্রুতার জের ধরে রাজনৈতিক কথাবার্তা চলাকালীন মুহূর্তে হঠাৎ করে সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস আমাকে গালিগালাজ করেন। আমি এর প্রতিবাদ করলে তিনি আমার দুইগালে দুইটা চড়-থাপ্পড় মারেন। এমনকি বেশি বাড়াবাড়ি করলে তিনি আমাকে বহিরাগত লোকজন দিয়ে খুন করার হুমকি দেন। উক্ত ঘটনাস্থলে বিজ্ঞ আইনজীবীরা ও অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।

এ ঘটনার ভিডিও ফুটেজও আছে, যা দেখলে প্রকৃত বিষয়টি জানা যাবে। এ ঘটনায় আমার মান, সম্মান ও ইজ্জতহানি ঘটে। আমি এর বিচার চাই। বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীকে বিচারের সম্মুখীন করে সুবিচার করার জোর দাবি জানাই।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত