নগরকান্দা-তালমা সড়ক দেবে যাওয়ার আশঙ্কা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম

ফরিদপুরের নগরকান্দা-মুকসেদপুর সড়কের লস্করদিয়া ইউনিয়নর শশা এলাকার সড়কের বিশাল একটি অংশ দেবে গেছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষের নেই কোনো নজর। ফলে মারাত্বক ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে করে প্রায় সময়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দেবে যাওয়া অংশটি যেকোনো সময় সড়কের পাশের খালে ধসে পড়তে পারে। এতে বন্ধ হয়ে যেতে পারে ফরিদপুরের সাথে নগরকান্দা হয়ে মুকসেদপুরের যান চলাচল।

স্থানীয়দের দাবি, গত মাসে একটানা বৃষ্টির কারণে শশা এলাকায় বড় ব্রীজের কাছে এ সড়কটির কিছুটা অংশ দেবে যায়। গত একমাসের বেশী সময় ধরে এ স্থানটি ভয়াবহ অবস্থা থাকলেও সড়ক বিভাগ নির্বিকার রয়েছে। এ বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

স্থানীয় বাসিন্দা আলমগীর মিয়া জানান, বড় যানবাহন চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

ভ্যানচালক এস্কেন্দার জানান, ভ্যানে মানুষ নিয়ে এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যেতে হয়। এখানে আসলেই সকলকে ভ্যান থেকে নেমে যেতে বলি। যদি ভ্যান উল্টে যায় তাহলে অনেক ক্ষতি হবে।

মোটরসাইকেল চালক মো. জাকির হোসেন জানান, রাতের বেলা এ স্থানটি মরণ ফাঁদে পরিণত হয়। যারা জানেন তারা হয়তো গতি কমিয়ে গাড়ি চালান। কিন্তু যারা জানেন না তারাই দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে।

জানা যায়, ফরিদপুর হতে তালমা-নগরকান্দা হয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। বিগত কয়েক বছর ধরে এ স্থানে সড়কে ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। সড়কের পাশে খাল থাকায় সড়কটির নিচ দিয়ে পানি চলাচল করার কারণে এমনটি হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এ স্থানের মাটি তুলে বালু ফেলে সিমেন্ট দিয়ে ঢালাই করা না হলে দেবে যাওয়ার ঘটনা ঘটবে বলে মনে করে সড়ক বিভাগ কর্তৃপক্ষ। ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন ও অর্থ পেলে কাজ শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত