‘টাইগার থ্রি’ মুক্তির আগে ঢাকা-চট্টগ্রাম সালমান ভক্তদের মিলনমেলা 

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

 

আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। যশরাজ প্রোডাকশন প্রযোজিত এই ফিল্ম একই দিনে বাংলাদেশেও মুক্তির কথা ছিল। তবে ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় বাংলাদেশে ঠিক কবে মুক্তি পাবে এই সিনেমা তার ঠিক নেই। দেশে সিনেমাটির মুক্তি আটকে গেলেও থেমে নেই সালমান ভক্তরা। স্পাই-ইউনিভার্সের এই সিনেমা নিয়ে তুমুল উন্মাদনা কাজ করছে তাদের মনে। তাই তো সিনেমা মুক্তির আগে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে হয়ে গেল সালমান খান ফ্যানস অব বাংলাদেশের মিলনমেলা।

 

 

শুক্রবার রাজধানী ঢাকার সনি স্কয়ারের সামনে ৫০জন সালমান ভক্ত একত্রিত হয়। এছাড়াও বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ে একত্রিত হয় আরও প্রায় ৫০জন। যেখানে তাদের মধ্যে কথা হয়, দেশে টাইগার থ্রি’র ফার্স্ট ডে ফার্স্ট শো আয়োজন নিয়ে। ব্যানার, ফেস্টুন টানানো ছাড়াও একই ধরনের টি-শার্ট গায়ে কেক কাটা থেকে শুরু করে ‘টাইগার থ্রি’ মুক্তির দিনটি স্মরণীয় করে রাখতে আরও অনেক পদক্ষেপ নিয়ে রেখেছে সালমানিয়ানসরা।

 

 

যদিও দুঃখের কথা, জওয়ানের পর ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশেও টাইগার থ্রি’র মুক্তি সম্ভাবনা নেই বললেই চলে। সূত্র বলছে, আগামীকাল রবিবার ভারতের সঙ্গে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। মন্ত্রণালয়ের চৌকাঠই নাকি পেরোতে পারেনি এই সিনেমা। এরপর সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য দৌড়ঝাঁপ তো আছেই।

মুক্তি পিছিয়ে যাওয়ায় এদেশের সালমান ভক্তরা হতাশ তো বটেই, তবে আশা হারাচ্ছেন না তারা। সিনেমাটি যেদিনই আসুক বড় উদযাপনে দিনটি মাতিয়ে রাখতে চায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত