নারায়ণগঞ্জ ঝিনাইদহে তরুণ লক্ষ্মীপুরে কিশোর খুন

কুমিল্লায় ধানক্ষেতে পড়ে ছিল খামারির লাশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১২:৩০ এএম

ঝিনাইদহের মহেশপুরে প্রতিবেশীদের হাতে তরুণ, নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের হাতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের তরুণ এজেন্ট এবং লক্ষ্মীপুরে কিশোর চালককে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য খুন করা হয়েছে। এ ছাড়া, কুমিল্লার চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে মুরগির খামারির মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে লিটন হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। গত শুক্রবার রাতে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত লিটন ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের একজনের মাসকালাই ক্ষেত নষ্ট করা নিয়ে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন। সেখান থেকে লিটনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ : নিখোঁজের তিন দিন পর ডোবা এক বিকাশ এজেন্টের লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা-পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ফতুল্লার আলীগঞ্জে অলি মিয়ার ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আতিকুল ইসলাম (২০)। তিনি ফতুল্লা মডেল থানার আলীগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন। আতিকুলের বাবার নাম বশির হাওলাদার। নিহত আতিকুল পবিত্র কোরআনের হাফেজ ছিলেন বলে জানা গেছে।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, আলীগঞ্জ কাজীপাড়ায় একটি বিকাশের দোকান ছিল তার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে। তখন সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেওয়ার জন্য আলীগঞ্জ রেললাইন বাজারে আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোঁজ ছিল।

লক্ষ্মীপুর : অটোরিকশাসহ নিখোঁজের চার দিন পর গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব আঁধারমানিক গ্রামের ধানক্ষেতে পাওয়া গেছে চালকের লাশ। মৃত মুরাদ হোসেন (১৫) আঁধারমানিক গ্রামের আজাদের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে অটোরিকশা চালাতে গিয়ে নিখোঁজ হয় মুরাদ। পরিবারের লোকজন কোথাও তার সন্ধান না পেয়ে  গত বুধবার লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন মুরাদের মা। এ ঘটনায় স্থানীয় আবুল কালাম আজাদ (৫০) ও সজিবকে (২০) দায়ী করছে পরিবার। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুরগি ফার্ম মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আলী মিয়া ব্যাপারীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ এসে লাশ পাঠায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত