কর্মশালায় সাবের

জীবাশ্ম জ্বালানিতে ২৫ সালের মধ্যেই বিনিয়োগ বন্ধ জরুরি

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:৩৮ এএম

জলবায়ু পরিবর্তনজনিত সংকট থেকে বাংলাদেশসহ বিশ্বকে বাঁচাতে ২০২৫ সালের মধ্যে জীবাশ্ম জ¦ালানিতে বিনিয়োগ বন্ধ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

জলবায়ুবিষয়ক আসন্ন বৈশ্বিক সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ) ২৮-এ বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তির সম্ভাবনা নিয়ে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।

‘মাল্টি স্টেকহোল্ডার কপ-২৮ প্রস্তুতি নিয়ে দিনব্যাপী এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন বলেন, ‘ফসিল ফুয়েলের (জীবাশ্ম জ্বালানি) ব্যবহার থেকে সরে আসার ক্ষেত্রে আমরা যদি ঐকমত্য হতে না পারি, তাহলে আমাদের জলবায়ু অভিযোজনের ওপর বিশাল প্রভাব পড়বে। ইতিমধ্যে দেখছি ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক তাপমাত্রায় আমাদের ওপর জলবায়ুজনিত কতটা নেতিবাচক প্রভাব পড়ছে।’ তাই বৈশি^ক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখতে হলে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদীক আহমেদসহ বিভিন্ন সরকারি সংস্থা, উন্নয়ন ও মানবাধিকার সংস্থা, জলবায়ু বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কর্মশালা আয়োজনে অক্সফামের সঙ্গে ছিল ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (কানসা) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত