‘আইকনিক বিজনেস লিডার’ সম্মাননায় ভূষিত হলেন এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানের স্পেশাল ক্যাটাগরি ‘আইকনিক বিজনেস লিডার’ এর সম্মাননায় ভূষিত হয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

গতকাল শনিবার (১১ নভেম্বর) ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে মোস্তফা কামালের হাতে এই পুরস্কার তুলে দেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমী) আলী।

বাংলাদেশের অর্থ ও বাণিজ্য খাতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানার্থে এবারই প্রথম ‘আইকনিক বিজনেস লিডার’-এর স্পেশাল ক্যাটাগরিটি সংযুক্ত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা পালনের জন্য এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামালকে পুরস্কৃত করেই ক্যাটাগরিটির সূচনা হলো।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর বর্তমানে ৫৪টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এমজিআইর পণ্যসামগ্রীর তালিকায় রয়েছে ড্রিংকিং ওয়াটার, ভোজ্যতেল, আটা, ময়দা, সুজি, চিনি, গুঁড়াদুধ, কনডেন্সড মিল্ক, লবণ, চা, মসলা ইত্যাদি। এর বাইরে বিল্ডিং ম্যাটেরিয়াল, কেমিক্যাল, শিপিং, পাল্প অ্যান্ড পেপার, অর্থনৈতিক অঞ্চলসহ অনেক বড় বড় খাত ও ভারি শিল্পে এমজিআইর বিনিয়োগ রয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রতি ২টি পরিবারের ১টি এমজিআইর পণ্য ব্যবহার করে। বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ পিভিসি ও পিইটি রেজিন তৈরির শিল্পকারখানা মেঘনা পিভিসি লিমিটেডর পণ্য রপ্তানিও শুরু করেছে এমজিআই।

এ ছাড়া খাদ্যপণ্য, রাসায়নিক, ভোজ্যতেল, প্রাণিখাদ্য, সিমেন্ট ও ব্যাগ রপ্তানি করছে এমজিআই। বিশ্বের ৩৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে এমজিআইর বিভিন্ন পণ্য। বর্তমানে এমজিআই প্রায় ৫০ হাজারেরও বেশি কর্মীর একটি বিশাল পরিবারে পরিণত হয়েছে। পরোক্ষ কর্মসংস্থান বিবেচনা করলে এই সংখ্যা হবে কয়েক লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত