মার্কেটের অবৈধ দখলদার প্রতিরোধে প্রতিটি মার্কেট সমিতির নিয়মিত নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রবিবার ডিএসসিসি নগর ভবনে ‘দোকান বরাদ্দ লটারি’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
মেয়র তাপস বলেন, ‘আমরা দেখি এখনো বেশিরভাগ মার্কেট অবৈধ দখলদার নিয়ন্ত্রিত এবং পরিচালিত হচ্ছে। আমরা সেটা ভাঙার চেষ্টা করছি। আমরা চাই, প্রতিটি মার্কেটে নিয়মিত নির্বাচন হবে। নিয়মিত দোকানদার প্রতিনিধিরা ভোটার হবেন। তারা নির্বাচনের মাধ্যমে তাদের কার্যকরী কমিটি নির্বাচিত করবেন। প্রত্যেক মার্কেটে যথারীতি যথানিয়মে নির্ধারিত মেয়াদেই নির্বাচন সম্পন্ন করে দোকানদাররা মার্কেটগুলো পরিচালনা করবেন।’
তিনি আরও বলেন, ‘ডিএসসিসির মেরাদিয়া কাঁচাবাজার মার্কেট, আমরা সেটাও নির্মাণ করছি। এভাবেই সূচি অনুযায়ী আমরা একেকটি মার্কেটের নির্মাণ কার্যক্রম সম্পন্ন করছি এবং সেগুলোর অগ্রগতি আমরা খেয়াল রাখছি।’
ডিএসসিসরি প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
