মানুষ মেরে ও পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেছেন, মানুষ মেরে, পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না। সঠিক পথে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাস, বিভিন্ন গাড়িতে দেয়া আগুনে দগ্ধদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধ, মিছিলের নামে বিএনপি, জামায়াত বিভিন্ন বাসে পেট্রোল বোমা ছুড়েছে। যাতে অগ্নীদগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ৭ জন এসেছেন। এদের মধ্যে ৬ জন এখনও ভর্তি আছেন। তাদের মধ্যে ২ জনের খুবই খারাপ অবস্থা। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর রাখছেন। আমরা খুবই দুঃখিত। এসব ঘটনার নিন্দা জানাই।

তিনি বলেন, মিশিল-মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার সবারই রয়েছে। তাই বলে মানুষকে পুড়িয়ে মারার অধিকার, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই। যারা এসব কার্যকলাপ করেছে, তাদের অনেককে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হচ্ছে।

মন্ত্রী বলেন, এই অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, শ্রমিকরা কাজে যেতে পারছে না। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। তারা অনলাইনে ক্লাস করছে, বাবা-মায়েরাও স্কুলে পাঠাচ্ছে না। গ্রাম থেকে যেসকল কাঁচামাল আসে সেগুলো বহন করতে কষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে স্বস্থ্যসেবাও নিতে পারছে না। মানুষ মেরে, পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না। সঠিক পথে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। মানুষের জন্য কাজ করে এবং মানুষের ভালাবাসা নিয়ে ক্ষমতায় আসতে হবে। আমরা আহ্বান জানাবো, আপনারা নির্বাচনে আসুন, যদি জনগনের ভোট পান, তাহলে ক্ষমতায় আসবেন। মানুষকে পুড়িয়ে, হত্যা করে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত