ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ভারতীয় নীলগাই উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে বিজিবির সদস্যরা।
স্থানীয়রা জানায়, ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যায় একটি নীলগাই। দুপুরে শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয়রা নীলগাইটি দেখতে পায়। এরপর নীলগাইটি এদিক সেদিক দৌড়াতে থাকে। এসময় কান্তিভিটা বিওপির টহল দল নীলগাইটি সন্ধানে নামে। পরে এলাকাবাসির সহায়তায় বিকেলে নীলগাইটিকে উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটি কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
