কাওলায় ছুরিকাঘাতে সিভিল এভিয়েশনের গাড়িচালক খুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:১৭ পিএম

রাজধানীর বিমানবন্দর কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান আলী (২৬) নামে সিভিল এভিয়েশনের এক গাড়ি চালক খুন হয়েছেন।

আজ সোমবার (১৩ নভেম্বর) আরমানকে তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

আরমানের বাড়ি গাইবান্ধা জেলায়। বর্তমানে কাওলা সিভিল এভিয়েশন কোয়ার্টারে দুই নাম্বার ম্যাচে থাকতেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মোটর যান চালক ছিলেন তিনি।

হাসপাতালে নিহতের সহকর্মী জাহিদুল ইসলাম জানান, অফিস থেকে সন্ধ্যার আগ মুহূর্তে পায়ে হেঁটে কোয়ার্টারের বাসায় ফিরছিলেন তিনি। তখন কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারিদের কবলে পড়েন তিনি। তার মোবাইলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন তাকে স্থানীয় আররাহি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে নিয়ে যান কুর্মিটোলা হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের সহকর্মীদের দাবি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সে মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত