রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকার ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালক মারা গেছেন।
সোমবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।
আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। আউয়াল তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন।
তিনি আরও জানান, গত রাতে এক পথচারী তাদের ফোন দিয়ে জানায়, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
