নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়ার নিজ বাসায় তিনি বাথরুমে পড়ে অজ্ঞান হন। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকরাম হোসেন চৌধুরী স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার স্বজনরা দেশ রূপান্তরকে জানান, দুপুর বেলা টয়লেটে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সাবেক এ এমপির মরদেহ তার গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার চাকরাইলে নেওয়া হয়েছে।
আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারনেনি। এরপর ২০১৫ সালে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
