ইসরায়েলকে থামতে বলে প্রতিরক্ষামন্ত্রীকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ম্যাখোঁ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর অনুরোধে শিগগিরই মধ্যপ্রাচ্য সফর শুরু করতে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু। 

গাজা পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতে তিনি এই সফর করবেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেবাস্তিয়েন লেকোর্নু। মিশর থেকে তিনি এই সফর শুরু করবেন, যা শেষ হবে আগামী শুক্রবার ইসরায়েলে গিয়ে।

সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে ২০০০ সালের পর প্রথমবারের মতো কোনো ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল সফর করবেন।

এর আগে প্রেসিডেন্ট ম্যাখোঁ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলকে গাজায় বোমা হামলা ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত