ভালো উইকেটের আর্জি এবার মোসাদ্দেকেরও

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

ঘরের মাঠে আয়ারল্যান্ড বোলারদের তুলোধুনো করেছিলেন মুশফিকুর রহিমরা। রান বন্যায় ভাসিয়ে টাইগারদের ইতিহাস সেরা স্কোরও গড়েছিলেন। তাতে বিশ্বকাপে বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটাররা। ভক্তরাও তাতে গা ভাসিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপে হয়েছে ভরাডুবি। শেষ ম্যাচে গিয়ে ৩০০ রানের দেখা পায় তারা। তবুও জিততে পারেনি ম্যাচটা। শুধু ব্যাটিংই নয়, তিন বিভাগেই ভারত বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ।

তবে ঠিক কী কারণে এমন ভরাডুবি সেটা নিয়েও আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। অবশ্য স্কোয়াডের বাইরে থাকা টাইগার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন ভিন্ন এক কারণের কথা।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে আধুনিক ক্রিকেট এখন অনেক বদলে গেছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টেও দেখবেন অনেক ইনটেনসিটি থাকে। ব্যাটাররা স্ট্রাইকরেট ঠিক রেখেই খেলার চেষ্টা করে। ওয়ানডে এখন টি-টোয়েন্টির মত হয়ে গেছে প্রায়। ম্যানেজমেন্ট হয়ত এসব মাথায় রেখেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে। সেভাবেই উন্নতি করার চেষ্টা করছে।’

নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা ভালো উইকেটের খেলার কথা জানিয়েছিলেন। এবার একই সুর মোসাদ্দেকেরও। ভালো উইকেটে খেলার তাগিদ দিয়ে এই ক্রিকেটার বলেন, ‘ভালো উইকেটগুলাতে খেললে প্রতিদিন ৪০০ না হলেও ৩২০-৩০ রান হবে। দক্ষিণ আফ্রিকার মত দল যারা অনেক ভালো খেলেছে তারা কিন্তু আবার নেদারল্যান্ডসের কাছে হেরেছে। উইকেট অনেক বড় ফ্যাক্ট। সেখানে ৩২০-৩০ রান করা এবং রান তাড়া করার সক্ষমতা থাকতে হবে।’

মোসাদ্দেক যোগ করেন, ‘উইকেট অনেক ভালো হতে হবে। বগুড়ায় আমাদের টাইগার্স ক্যাম্প হয়েছিল, সেখানের উইকেটে আমার কাছে মনে হয়েছে ব্যাটারদের শট খেলার সুযোগ থাকে, স্কিলে উন্নতি আনা যায়। খারাপ উইকেটে খেললে ব্যাটারদের অনেক লিমিটেশন চলে আসে। অনেক শট খেলা যায় না। তখন উইকেট ভালো হলে ব্যাটাররাও অনেক শট খেলতে পারে, রান করতে পারে। বোলাররাও রান ডিফেন্ড করতে পারে ভালো উইকেটে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত