পুলিশ কনস্টেবলের প্রতারণা

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও তরুণীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম আব্দুর রহমান। তিনি চকরিয়া উপজেলার বিএমচর এলাকার নুরুল আবছার প্রকাশ বাবুলের ছেলে। বর্তমানে বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত রয়েছে।

আর প্রতারণার শিকার তরুণী পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা।

সম্প্রতি প্রতারণার শিকার তরুণী বান্দরবান জেলার পুলিশ সুপারের কাছে কনস্টেবল আব্দুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে ওই কনস্টেবলের বিরুদ্ধে বান্দরবান জেলার পুলিশ সুপারের নির্দেশে বিভাগীয় মামলা রুজু হয়। মামলাটি তদন্ত করছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শাহ আলম।

বান্দরবান পুলিশ সুপারের কাছে দায়েরকৃত অভিযোগে প্রতারণার শিকার তরুণী বলেছেন,  চকরিয়া উপজেলার বিএমচর এলাকার নুরুল আবছার প্রকাশ বাবুলের ছেলে ও পুলিশের কনস্টেবল আব্দুর রহমানের সঙ্গে ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্ক তার। কনস্টেবল আব্দুর রহমান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২১ সালের এপ্রিল মাসে চকরিয়া-কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় নিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। তাকে নিজের স্ত্রীর মতো ব্যবহারও করে।

ওই তরুণীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে আব্দুর রহমান। পরে বাড়িতে ছুটিতে গেলে সেসব ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার হুমকি দিয়ে আরো তিনবার ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে করে। পরবর্তীতে ওই তরুণী বিয়ের জন্য আব্দুর রহমানকে চাপ দিলে সে বলে, ‘এখনো আমার বিয়ের বয়স হয়নি।’ ওই তরুণী বলেন, ‘এইভাবে সে আমাকে বিভিন্ন বাহানায় কালক্ষেপণ করে আসছে।

লিখিত অভিযোগে তরুণী আরও উল্লেখ করেছেন, ‘২০২২ সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য কর্মস্থল থেকে ছুটিতে আসলে আমাকে কৌশলে চকরিয়া নিয়ে যায়। পরবর্তীতে আগস্ট মাসে যখন ছুটিতে আসে ছুটি শেষ হওয়ার আগে ২৪ আগস্ট আমাকে দেখা করতে বলে। তখন আমি তার সাথে দেখা করতে রাজি না হলে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করার ছবি এবং ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এবং আমাকে হুমকি দিয়ে বলে যে, আমার গোপন ভিডিও ও ছবিগুলো আমার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নিকট ইন্টারনেটে দিয়ে আমাকে কলঙ্কিত করবে।’

অভিযোগের বিষয়ে পুলিশ কনস্টেবল আব্দুর রহমানের মোবাইল ফোনে গত দুদিন ধরে ফোন দিয়ে বক্তব্য নেওয়ার একাধিক চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, কনস্টেবল আবদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। কয়েকদিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত