ময়মনসিংহের নান্দাইলে স্কুল চলাকালে শিক্ষার্থীদের উপজেলা ভূমি অফিসের ‘মায়াবন’ পার্কে আড্ডা দিতে দেখে ব্যবস্থা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূমি অফিসের এই মিনি পার্কে আচমকা প্রবেশ করেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। সেখানে তিনি দেখতে পান স্কুল-কলেজের পোশাক পরা ১৫-২০ ছাত্রছাত্রী আড্ডা দিচ্ছেন, খোশগল্পে মেতে উঠেছেন, কেউ কেউ ছবি তুলছেন। তিনি তাদের ডেকে প্রত্যেকের নাম এবং প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করেন।
পরে যার যার প্রতিষ্ঠানের শিক্ষকদের ডাকেন। শিক্ষকরা এলে ইউএনও তাদের বলেন, ‘আপনারা এই ছাত্রছাত্রীদের অভিভাবকদের লিখিতভাবে শোকজ করেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের এক কর্মচারী জানান, সেখানে নান্দাইল সমূর্ত্ত জাহান কলেজ ও শেরপুর আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী বেশি ছিলেন। সমূর্ত্ত জাহান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র সাহা বলেন, ‘আমি ময়মনসিংহে ছিলাম। দুজন শিক্ষককে দায়িত্ব দিয়েছি, কাল বিস্তারিত বলতে পারব।’
ইউএনও অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘এভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বা রেস্টুরেন্টে বসে সময় নষ্ট করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না।
এ বিষয়ে অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।’
