ঢাবিতে তালা লাগাতে এসে মারধরের শিকার ছাত্রদলের ২ নেতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:০৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের গেটে তালা লাগাতে এসে ছাত্রদলের দুই নেতা ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া ছাত্রদলের দুই নেতা হলেন— শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও অমর একুশে হল শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম খান।

আটক ও মারধরের শিকার হওয়া ছাত্রদলের দুই নেতা বলেন, অবরোধের অংশ হিসেবে এখানে আমাদের কর্মসূচি পালন করছিলাম। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধরে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। আমাদের একজনের পা, আরেকজনের মুখ থেঁতলে দেয়। শরীরের বিভিন্ন জায়গায় মারধর করে। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মোবাইল, মানিব্যাগ কেড়ে নেয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিমের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এসে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্ধার করে কার্জন হল গেটের সিকিউরিটি রুমে রাখেন। খবর দিলে শাহবাগ থানার পুলিশ এসে ছাত্রদল নেতাদের নিয়ে যায়। এসময় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এম এল পরাশ বলেন, আমরা খবর পেয়ে এখানে এসে তাদের উদ্ধার করি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে তাদের তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দেশ রূপান্তরকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতা করতে আসলে আমরা তাদের ধরে ফেলি। তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ক্যাম্পাসে ছাত্রদলকে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম চালাতে দেবে না ছাত্রলীগ।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল দেশ রূপান্তরকে বলেন, আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অমানবিক নির্যাতন করে আমাদের এই দুই নেতার উপর। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সহযোগিতা করেনি বরং পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত