তফসিল ঘোষণা করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না : নুর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম

সরকারকে উদ্দেশ করে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা অবৈধ তফসিল ঘোষণা করে দেশ ও জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। পদত্যাগ করে জনগণের আন্দোলনে শামিল হোন, জনগণ আপনাদের মনে রাখবে, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।’ 

আজ বুধবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন নুর। এসময় তিনি বলেন, ‘আমরা হরতাল, অবরোধসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করেছিলাম। কিন্তু সরকার আমাদের কথা শুনছে না। আমাদের উন্নয়ন সহযোগী দেশি-বিদেশি বন্ধুরাষ্ট্র, সংস্থার কথায়ও কর্ণপাত করছে না। তারা দমন-পীড়ন, হামলা-মামলা, গণগ্রেপ্তার করে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।’ 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ সফলে পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও কাকরাইল মোড় হয়ে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনের সড়ক দিয়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে সমাবেশ করে।

এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার কোনো ধরনের সমঝোতা, সংলাপের উদ্যোগ গ্রহণ না করে তফসিল ঘোষণা করতে যাচ্ছে, যা সংঘাত-সহিংসতা বাড়াবে। অন্তত মহামান্য রাষ্ট্রপতি সব দলকে নিয়ে সংলাপের আয়োজন করতে পারতেন, কিন্তু সেটিও হলো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত