তফসিল ঘোষণা করলে হরতালের ডাক দিতে পারে বিএনপি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ ভাষণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন। আর তফসিল ঘোষণা করলে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে পারে বিএনপিসহ বিরোধী দলগুলো।

দলীয় সূত্র বলছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বিষয়ে এখনো কিছু জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফোন করে যুগপৎ আন্দোলনের সঙ্গী একটি দলের শীর্ষ নেতাকে জানিয়েছেন, শুক্র ও শনিবার বিরতি দিয়ে সোম এবং মঙ্গলবার (১৯ ও ২০ নভেম্বর) ২ দিন হরতাল পালন করবে। তবে গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তফসিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেয় তারা। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। তারপর ৭ নভেম্বর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। পরে শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার চতুর্থ অবরোধের ডাক দেয় বিএনপি। ১৪ নভেম্বর চতুর্থ দফা শেষে ১৫ নভেম্বর থেকে পঞ্চম দফায় অবরোধ পালনের ঘোষণা দেয় দলটি। এবার তফসিল ঘোষণা আসলে হরতাল কর্মসূচি দিতে পারে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত