সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মশালমিছিল করেছেন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির এক কর্মীকে এবং পরে সন্দেহভাজন আরও ২ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সন্ধ্যা সাতটার দিকে জেল রোড এলাকা হয়ে জিন্দাবাজারের দিকে ছাত্রলীগের কর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতা সিদ্দিকীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মশালমিছিল বের হয়। নগরের বারুতখানা এলাকা থেকে মিছিলটি জিন্দাবাজার মোড়ে গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা। এ সময় তারা জিন্দাবাজার মোড়ের পূর্ব পাশের সড়কে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে জিন্দাবাজার এলাকায় অবস্থানকারী পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু ফাঁকা গুলি ছোড়েন। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ওই এলাকার ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন।
নগরের বারুতখানা এলাকায় পথচারী সাঈদ আহমদ বলেন, তিনি মোটরসাইকেলে করে উপশহর থেকে জিন্দাবাজারে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। এ সময় পথচারীদের দৌড়াদৌড়ি দেখে আর না এগিয়ে বারুতখানা এলাকায় দাঁড়িয়ে যান।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ সন্ধ্যা সাতটার দিকে বলেন, সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল জ্বালিয়ে নাশকতা চালানোর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পরে জানানো হবে। পুলিশ কয়টি গুলি ছুড়েছে জানতে চাইলে তিনি বলেন, তিনি এ তথ্য তখন পর্যন্ত পাননি।
