মিয়ানমারে সাম্প্রতিক সংঘাতে শিশুসহ ৭৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গত মাসে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী এবং সশস্ত্র সংগঠনগুলো জান্তার বিরুদ্ধে জোটবদ্ধ লড়াই শুরু করার পর থেকে সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে তারা প্রাণ হারায়। খবর ফ্রান্স ২৪-এর।
ইউএনওসিএইচএ জানিয়েছে, মিয়ানমারে গত মাসে শিশুসহ ৭৫ জন বেসামরিক নাগরিক মারা গেছে। এছাড়া আহত হয়েছে ৯৪ জন।
অপরদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর ২ লাখের বেশি অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতরা শান, চিন, কায়াহ, মোন রাজ্য এবং সাগাইং অঞ্চলের বাসিন্দা।
মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) সেনাবাহিনীর ওপর হামলা শুরু করার পর ২৭ অক্টোবর থেকে চীনের সীমান্তের কাছে উত্তর শান রাজ্য জুড়ে লড়াই চলছে। জোটটি চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো অবরুদ্ধ করে রেখেছে। দখল করেছে একটি সীমান্ত হাব।
চলতি সপ্তাহে আরাকান আর্মি পশ্চিম রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। অপরদিকে থাই সীমান্তে কায়াহ রাজ্যে জান্তাবিরোধী যোদ্ধারা রাজ্যের রাজধানী লোইকাওয়ের কাছে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে। বিশ্লেষকরা বলছেন ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জের মুখ পড়েছে জান্তা।
