বুকে বন্দুক ঠেকিয়ে যুবককে হত্যা, বাঁচাতে গিয়ে হাসপাতালে ৫

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম

কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুকে বন্দুক ঠেকিয়ে মুহাম্মদ সোহেল (২২) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মগরিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এহেছানকে খুঁজছে পুলিশ।

নিহত সোহেল মগরিয়াকাটা আমতলী গ্রামের মুহাম্মদ ওসমানের ছেলে এবং পেশায় জেলে। তার মা বলেন, ‘সোহেল সকালে বাড়ি থেকে বের হলে একই এলাকার মৃত নজর আলীর ছেলে এহেসান তার বুকে গুলি করে। সোহেলের সঙ্গে এলাকায় কারো সাথে বিরোধ নেই।’ কী কারণে তার ছেলেকে খুন করা হয়েছে তিনি জানেন না।

তবে এলাকাবাসী জানায়, বুধবার রাতে চায়ের দোকানে পানির গ্লাস নেওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে এহেছানের কথা কাটাকাটি হয়। পরে যে যার বাড়ি চলে যায়। এরপর প্রতিশোধ নিতে এহেছান তার লোকজন নিয়ে সকালে সোহেলকে গুলি করে। এ সময় সোহেলকে বাঁচাতে গিয়ে আরো ৫ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিনজন কক্সবাজার সদর হাসপাতালে ও বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত