মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস-ইসরায়েল সংঘাতের অবসানের পর ইসরায়েলের পাশাপাশি একটি ‘প্রকৃত’ ফিলিস্তিন রাষ্ট্র থাকতে হবে। চলমান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত থেকে বেড়িয়ে এসে সংঘাতমুক্ত মধ্যপ্রাচ্যের স্বার্থে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মনে করেন তিনি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে চার ঘণ্টার বৈঠকের পর স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে আবারও দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি জোর দেন।
গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির জন্য তিনি তার ক্ষমতার সবকিছুই করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এর মানে সেখানে মার্কিন সৈন্য পাঠানো নয়।
চলতি সপ্তাহে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছিলেন, জিম্মিদের উদ্দেশে তার বার্তা হলো ‘সেখানে থাকুন, আমরা আসছি।’ তিনি এই বার্তার মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে বাইডেন বলেন, ‘আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হলো, আমি আপনাদের মুক্ত করার জন্য আমার ক্ষমতার সবকিছুই ব্যবহার করছি। আপনাদের সহায়তা করতে, আপনাদের মুক্ত করতে আসছি।’
তবে তিনি এও স্পষ্ট করেন যে, এর মানে এই না যে ফিলিস্তিনে মার্কিন সেনা পাঠানো হবে। উল্লেখ্য ফিলিস্তিনের চলমান যুদ্ধ ও ইসরায়েল রাষ্ট্র স্থাপনের পর থেকেই যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, একমাত্র দ্বিরাষ্ট্র নীতি মানলেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে বাইডেনের আগে মন্তব্য করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
