গত ১ অক্টোবর বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামে সন্তানদের অপহরণের হুমকি দিয়ে বিভিন্ন অংকের টাকা দাবি করে প্রায় ৪শ' বাড়িতে পোস্টার সাঁটিয়ে দেয়া হয়। এ ঘটনার ৪৫ দিনের মাথায় বুধবার রাত আড়াইটার দিকে ঘটনার মূলহোতা রবিউল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও বগুড়া শহরের একটি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, গ্রেপ্তারকৃত রবিউল ইসলামের কাছ থেকে চাঁদা দাবিকৃত চারটি পোস্টার, একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছে, কিছু এলিট শ্রেণি ও ক্ষমতাধারী লোকজন অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমাজের উন্নয়ন ব্যাহত করছে। এই শ্রেণির মানুষদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য রবিউল নিজেই বাড়ির দরজায় ও দেয়ালে পোস্টার লাগায়। সমাজের মানুষ সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেই সে একাজ করেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার রবিউল ইসলামকে আদালতে পাঠানো হবে।
জানা যায়, গত ১ অক্টোবর বিষ্ণুপুর গ্রামের প্রায় ৪শ' ঘরের দেয়ালে পোস্টার লাগানো হয়। ওই পোস্টারে লেখা ছিল, ’আসসালামু আলাইকুম, সর্বনিম্ন ২০০ থেকে ৫০০০ টাকা ৬ তারিখের মধ্যে দিতে হবে। না হলে ৭ তারিখ থেকে আপনাদের ছেলেমেয়ে হারায় গেলে আমার কোনো কিছু করার থাকবে না। আমি বা আমরা কে সেটা না খুঁজে আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন। তাহলে কিচ্ছু হবে না। অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে ফেলবেন না। যদি ছেলেমেয়েদের মঙ্গল চান তাহলে লোয়া পুকুরে সোলার লাইটের সঙ্গে যে বক্স থাকবে নিজের টাকার সঙ্গে নাম কাগজে লিখে ওই বক্সে ফেলবেন। আর নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখুন। আমার এই কাগজ আপনি পড়ছেন, তাহলে মনে করেন আপনার ছেলেমেয়েকে তুলে আনতেও পারব। দয়া করে টাকাটা দিয়েন আমরা ছেলেগুলা ভালো না। ভালো থাকবেন ৬ তারিখ পর্যন্ত, আল্লাহ হাফেজ।’ এরপর ইংরেজিতে Shadow লেখা দেখা যায় পোস্টারে।
ওই সকালে ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে এমন পোস্টার লাগানো দেখে ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।
