বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৯০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বলেন, একই সময়ে মামলা হয়েছে ১২টি, আসামি করা হয়েছে ১৩৭০ জনের অধিক নেতাকর্মীকে (এজাহার নামীয়সহ অজ্ঞাত) এবং বিভিন্ন স্থানে হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
রিজভী বলেন, চলমান আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া ছাত্রদল নেতাদের একের পর এক সদস্যকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। দলের পক্ষ থেকে বারবার নেতাদের জনসম্মুখে হাজির করার অনুরোধ রাখার পরও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাড়া দিচ্ছেন না। এদিকে নিখোঁজ নেতাদের পরিবার-পরিজন থানাসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে খোঁজ না পাওয়ায় গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।’
তিনি বলেন, গত ৬ নভেম্বর সন্ধ্যায় সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক, সাইফুল ইসলাম ও আবু বক্করকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। ঢাকা মহানগরের উত্তর-পূর্ব থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা শাকিলকে গত ৭ নভেম্বর উত্তরার আজিমপুর এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়।
এরপর তার পরিবার এবং দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার পরেও এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই আমি গনমাধ্যমে বলে যাচ্ছি তাদেরকে জনসম্মুখে হাজির করার জন্য। তাদের নিখোঁজ করে রাখার ঘটনায় তাদের পরিবার-পরিজন গভীর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। আজ আবারও আমি আইনশৃঙ্খলা বাহিনীর ছাত্রদল নেতাদের জনসম্মুখে হাজির করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জোর দাবি জানাচ্ছি।
