ফাইনালে ওঠার লড়াই। চেষ্টার কমতি অবশ্য ছিল না দক্ষিণ আফ্রিকার। কিন্তু অস্ট্রেলিয়া সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা। আরেকবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় প্রোটিয়াদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে উত্তরসূরিদের পারফরম্যান্সে বেশ হতাশ দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির।
কলকাতায় গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১২ রান করতে পেরেছে তারা। বোলিং দিয়ে প্রতিপক্ষকে ঠিক চেপে ধরেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত সেই চাপ ধরে রাখতে পারেনি। ১৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন হারের জন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে কাঠগড়ায় তুলেছেন ইমরান তাহির, ‘এটা পুরোটাই মানসিকতার ব্যাপার। ফিল্ডিং করতে নামলে আপনি কি যোদ্ধার মানসিকতা নিয়ে নামছেন? আপনি এমন একজন বোলারের ওপর ভরসা রাখছেন যে কিনা ঘণ্টায় ৯০ মেইল বেগে বল করছে, কিন্তু আপনি তার জন্য কোনো স্লিপ ফিল্ডার রাখেননি। আর স্লিপ দিয়েই চার রান হলো যখন প্রতিপক্ষের ২৫ রান প্রয়োজন। অধিনায়ক হিসেবে, এমনকি এখন সিনিয়র ক্রিকেটার হিসেবে আপনার এসব জানা উচিত।’
তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া ছিল এবারের বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দল। প্রাথমিক পর্বে দারুণ পারফরম্যান্স উপহার দিলেও শেষ চারের লড়াইয়ে তারা হারিয়ে ফেলে ছন্দ। ইমরান তাহিরের মতে, বিশ্বকাপ সেমিফাইনাল নয়, দ্বিপাক্ষিক কোনো সিরিজের মতো খেলেছিল দক্ষিণ আফ্রিকা, ‘এটা বড় একটি ম্যাচ, কোনো দ্বিপাক্ষিক সিরিজের সাধারণ ম্যাচ নয়। ব্যক্তিগতভাবে আমি হতাশ। আমাকে দক্ষিণ আফ্রিকার একটি জার্সি দিন এখন, এই বয়সেও আমি লড়াই করতে তৈরি।’
