নেতৃত্বে রদবদলের পর কোচিং প্যানেলেও পরিবর্তন এনেছে পাকিস্তান। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ হাফিজ এবার পেয়েছেন প্রধান কোচের দায়িত্ব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে সাবেক এই অলরাউন্ডারের কোচিংয়ে খেলবেন বাবর আজমরা।
তিন সংস্করণে বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদিকে করা হয় নতুন দুই অধিনায়ক। তখন টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় হাফিজকে। যে দায়িত্বে এত দিন ছিলেন মিকি আর্থার। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কার্যত টিম ডিরেক্টর ও কোচের কাজ একই হওয়ায় পদ দুটি একীভূত করার কথা ভাবছে পিসিবি। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাফিজ।
দুই বছর আগে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৪৩ বছর বয়সী হাফিজ। চলতি বছর মার্চে পাকিস্তান সুপার লিগেও খেলেছেন তিনি। এখন পর্যন্ত ক্রিকেট থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি অফ স্পিনিং এই অলরাউন্ডার।
এর মধ্যেই ক্যারিয়ারে প্রথমবার হাফিজ পেলেন কোচিংয়ের সুযোগ। এর আগে কোনো পর্যায়ে কোনো দলেরই কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার। সরাসরি নিজ দেশের জাতীয় দল দিয়েই শুরু হচ্ছে তার কোচিং অধ্যায়।
নতুন প্রধান নির্বাচকও খুঁজতে হবে পাকিস্তানকে। স্বার্থের সংঘাতের অভিযোগে তদন্ত চলমান থাকায় আপাতত এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইনজামাম-উল-হক। ইএসপিএনক্রিকইনফো বলছে, এই পদে ওয়াহাব রিয়াজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
তিন টেস্ট খেলতে চলতি মাসের শেষ দিন অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান। পার্থে ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। মেলবোর্নে দুই দল খেলবে বক্সিং ডে টেস্ট। পরে সিডনিতে ৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউ জিল্যান্ড যাবে পাকিস্তান। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ওই সিরিজ।
