ফ্রান্সের এক নারী আইনপ্রণেতাকে ধর্ষণ-যৌন নির্যাতনের উদ্দেশে চেতনানাশক প্রয়োগ করার দায়ে এক সিনেটরকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সিনেটরের নাম জোয়েল গুরিও। তিনি ফ্রান্সের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য। অপরদিকে যে নারীকে তিনি ধর্ষণের পরিকল্পনা করেছিলেন তিনি সংসদের নিম্নকক্ষের সদস্য।
ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ৬৬ বছর বয়সী সিনেটর জোয়েল গুরিওকে পুলিশ জিজ্ঞাসবাদ করেছে এই অভিযোগে যে, ‘তিনি একজনকে না জানিয়ে এমন এক দ্রব্য খাইয়েছেন, যেটি তার জ্ঞানবুদ্ধি লোপ করে দিতে পারে অথবা নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে। এ দ্রব্য ধর্ষণ অথবা যৌন নিপীড়নের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।’
অভিযোগকারী ওই নারী সংসদ সদস্য সিনেটর জোয়েলের বাড়িতে একটা গ্লাসে কিছু পান করার পর অসুস্থ হয়ে পড়েন। ওই সিনেটরের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। প্রসিকিউটররা জানিয়েছেন, মেডিকেল টেস্টে অভিযোগকারী নারীর দেহে ওই বিশেষ দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। এরপর মধ্যম-ডানপন্থী ওই সিনেটরের বাড়িতে অভিযান চালিয়েও দ্রব্যটির সন্ধান পাওয়া যায়।
সাবেক ব্যাংকার জোয়েল ২০১১ সালে সিনেটর নির্বাচিত হন। তিনি ফ্রান্সের বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী কমিশনের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।
