দরিদ্র দেশগুলোতে আর দূষিত প্লাস্টিক রপ্তানি করবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার ইইউভুক্ত দেশ এবং ইইউ আইনসভার সদস্যরা (এমপি) এ সংক্রান্ত চুক্তি করতে সমর্থন হয়। চুক্তি অনুযায়ী, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ধনী সদস্যরাষ্ট্রগুলোর বাইরে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের পর আর কোনো ধরনের প্লাস্টিক বর্জ্য পাঠাবে না ইইউ।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্লাস্টিক দূষণ হ্রাস করতে অনুষ্ঠিত বৈঠকের মধ্যেই এই চুক্তি হলো। এখন চুক্তিটির বিষয়বস্তুকে ইউরোপীয় কাউন্সিলে অনুমোদন লাভ করতে হবে। ইইউ আইনসভায়ও অনুমোদিত হবে। এ আইন কার্যকরের পর ওই সিডির সদস্য নয়, এমন দেশে প্লাস্টিক বর্জ্য রপ্তানি করতে পারবে না ইইউভুক্ত দেশগুলো।
ইইউ আইনসভার ডেনিশ সদস্য পারনিল ওয়েইস বলেন, ‘বর্জ্য সম্পদে পরিণত হতে পারে যখন তা ঠিকঠাকভাবে ব্যবস্থাপনার আওতায় আনা হয়। কিন্তু কোনোভাবেই তাকে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে দেওয়া যায় না।’ চুক্তি হওয়ার পর পরিবেশবাদীরা ইইউয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, দেরিতে হলেও ইইউ তা দায়িত্ব স্বীকার করতে শুরু করেছে।
