অর্থ সংকটে থানায় সিসিটিভি ক্যামেরা বসাতে পারছে না কলকাতা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০১:২৩ এএম

থানার প্রতিটি এলাকাকে সিসিটিভি ক্যামেরার অধীনে আনার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশ অনুযায়ী গত বছর ভারতের কলকাতার ২৪টি থানায় বসানো হয় কয়েক শত সিসিটিভি ক্যামেরা। কিন্তু এরপর এক বছর পার হয়ে গেলেও বাকি থানাগুলোয় কোনো সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি।

লালবাজার সূত্র জানায়, বাকি থানাগুলোয় সিসিটিভি ক্যামেরা বসাতে বিপুল অর্থের প্রয়োজন। এজন্য নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব পাস হয়নি। ফলে আদালতের নির্দেশ থাকলেও কলকাতা পুলিশের বহু থানায় সিসিটিভি ক্যামেরা নেই।

সংশ্লিষ্টরা জানান, কলকাতায় থানাগুলোর সেরেস্তা, লক-আপ ও থানায় ঢোকার মুখে তিনটি করে সিসিটিভি ক্যামেরা রয়েছে। গত বছর যাদবপুর, পর্ণশ্রী, পাটুলিসহ ২৪টি থানা চত্বর উচ্চ আদালতের নির্দেশ মেনে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়।

এক পুলিশকর্তা জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে থানার ১৪টি জায়গায় ক্যামেরা বসাতে হবে। পুলিশের আধুনিকীকরণের তহবিলের টাকা দিয়ে প্রথম দফায় ওই কাজ হয়েছিল। কিন্তু পরের দুই দফায় ক্যামেরা বসানোর জন্য প্রস্তাব আকারে টাকা চাওয়া হলেও তার ছাড়পত্র মেলেনি। তাই বাকি থানায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ অসম্পূর্ণ।

তবে বিভিন্ন থানার কর্মকর্তারা জানিয়েছেন, সরকারিভাবে তিন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হলেও থানার কর্মকর্তারা নিজ খরচে বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়েছেন। যদিও পুলিশের একাংশ জানিয়েছে, এসব সিসিটিভি ক্যামেরা বিভিন্ন থানায় বসানো হলেও তার রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত