দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসনের জন্য মনোনয়ন সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
তবে প্রথম দিনেই নেতা-কর্মীদের ভিড় সামলাতে না পেরে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সাময়িক বন্ধ রাখা হয়েছে।
আজ শনিবার সকাল ১২টা ১৯ মিনিটে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান মাইকে ১ ঘণ্টার জন্য ফরম বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন।
তিনি বলেন, যারা মনোনয়ন সংগ্রহ করতে এসেছেন তাদের শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করছি। আপনাদের নেতা-কর্মী যারা সাথে এসেছেন তাদের কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারবেন না। আপনারা পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করেন।
সরেজমিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে দেখা যায় ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে মনোনয়ন কিনতে এসেছেন মনোনয়ন প্রত্যাশীরা। তারা অনুসারীদের নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে আসেন।
এদিকে কার্যালয় থেকে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়,শান্তি শৃঙ্খলা রক্ষা করে মনোনয়ন সংগ্রহ করতে হবে। যারা প্রার্থী তারা কেবল একজন অনুসারী নিয়ে বুথ থেকে ফরম সংগ্রহ করতে কার্যালয়ের ভেতরে ঢুকতে পারবেন।
