চট্টগ্রাম–৪

প্রার্থী পরিবর্তন, অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। এবার প্রার্থী পরিবর্তন করে আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী। এ সময় নেতা–কর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান জানান, সীতাকুণ্ড আসনে আগের প্রার্থী পরিবর্তন করে আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন।

৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হলে আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা। একই দিন ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়। এসব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনে আসলাম চৌধুরীর অনুসারী বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। এদিকে ৩ নভেম্বর প্রার্থী ঘোষণার পর কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দমিছিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত